
কুল চাষে তাক লাগালেন বাঘারপাড়ার মাজেদুল ইসলাম
যশোর প্রতিনিধি
আপেল কুল ও বল সুন্দরী জাতের ফলনে এলাকাজুড়ে চাঞ্চল্য
যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহামুদপুর গ্রামের কৃষক মাজেদুল ইসলাম কুল চাষ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তিনি শুধু কুল নয়, আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমী ফলের চাষ করে আসছেন। চলতি মৌসুমে তার লাগানো উন্নত জাতের আপেল কুল ও বল সুন্দরী কুল ব্যাপক সাড়া ফেলেছে এলাকাজুড়ে।
সৈয়দ মাহামুদপুর গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে মাজেদুল ইসলাম পঞ্চম সন্তান। পারিবারিকভাবে কৃষিকাজে জড়িত থাকলেও আধুনিক ও পরিকল্পিত ফল চাষের মাধ্যমে তিনি নিজেকে আলাদা করে তুলে ধরেছেন। তার চাষে সাফল্য দেখে আশপাশের কৃষকদের মাঝেও ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বছর মাজেদুল ইসলাম প্রায় ১৩ বিঘা জমির ওপর ২৬ শত কুল গাছ রোপণ করেছেন। গাছগুলোতে ইতোমধ্যে ভালো ফলন দেখা যাচ্ছে। উন্নত পরিচর্যা, সঠিক সময়ে সার ও আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারের ফলে তার বাগানে ফলের আকার ও গুণগত মান নজর কেড়েছে।
যার ফলে মাজেদুল ইসলামের কুলের বাগানে প্রায় ২০ থেকে ২৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাজেদুল ইসলামের সাফল্য তাদের নতুন করে ফল চাষে আগ্রহী করে তুলেছে। অনেকেই তার বাগান দেখতে এসে চাষাবাদের কৌশল জানতে আগ্রহ প্রকাশ করছেন।
মাজেদুল ইসলাম জানান, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা থাকলে কৃষিকাজেও ভালো সফলতা অর্জন সম্ভব। ভবিষ্যতে তিনি আরও নতুন জাতের ফল চাষের পরিকল্পনা করছেন বলে জানান।
এলাকাবাসীর আশা, তার এই সাফল্য বাঘারপাড়ায় ফল চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং তরুণদের কৃষিমুখী হতে অনুপ্রাণিত করবে।