
জাকারিয়া আবুল, গোলাপগঞ্জ ::
কাতার বিশ্বকাপের পর এবার আরও বড় মঞ্চে কাজ করার সুযোগ পেলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কৃতি সন্তান আবজল আহমদ।আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে আমেরিকা যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন আবজল। তিনি জানান, এবারের বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির MetLife Stadium-এ হসপিটালিটি ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। এই স্টেডিয়ামে ফাইনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবজল আহমদ তার স্ট্যাটাসে জানান, ছোটবেলা থেকেই ভলান্টিয়ারিংয়ের প্রতি তার আগ্রহ ছিল। সেই স্বপ্ন থেকেই ধাপে ধাপে আজকের এই অবস্থানে পৌঁছানো। এর আগে তিনি ২০২২ সালে কাতার বিশ্বকাপেও ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি আরও বলেন, “এবারের বিশ্বকাপটি একটি মেগা ইভেন্ট। নতুন ফরম্যাটে আয়োজিত এই আসরে প্রায় ১০ লক্ষ আবেদনকারীর মধ্য থেকে ৬৫ হাজার ভলান্টিয়ার নির্বাচিত হয়েছে—আলহামদুলিল্লাহ, আমি তাদের একজন।”
দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে এই সুযোগ অর্জন করতে হয়েছে। আবেদন, বাছাই, সাক্ষাৎকার, শিফট নির্ধারণ এবং ভিসা প্রক্রিয়াসহ নানা ধাপ পেরিয়ে অবশেষে তিনি নির্বাচিত হন।
সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন আবজল আহমদ।