May 21, 2026, 5:30 am

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেল পাকিস্তান

মোশারফ করিম

খেলা ডেস্ক  

আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০ দলের এই টুর্নামেন্ট শুরুর আগে স্বস্তির খবর পেল পাকিস্তান। হাঁটুর চোট নিয়ে বিগ ব্যাশ থেকে দেশে ফিরলেও নির্ধারিত সময়ের মধ্যেই সেরে উঠছেন শাহিন শাহ আফ্রিদি। পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং আগামী সপ্তাহ থেকেই বোলিং শুরু করবেন এই বাঁহাতি পেসার।

 

অস্ট্রেলিয়ায় ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী আফ্রিদি। এরপর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝপথেই পুনর্বাসনের জন্য তাকে দেশে ফিরিয়ে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় লাহোরে তার দ্রুত পুনর্বাসন শুরুর সিদ্ধান্ত নেয় বোর্ড। পুনর্বাসনের অগ্রগতি নিয়ে আশাবাদী আফ্রিদি নিজেও।

 

সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের এক ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেখানে নিজের ইনজুরির অবস্থা নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘রিহ্যাব চলছে। পিসিবির মেডিক্যাল টিম সবকিছু দেখছে। এখন জিম করছি, ব্যাটিং অনুশীলন করছি। আগামী সপ্তাহ থেকে বোলিং শুরু করব।’