May 21, 2026, 6:12 am

মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ।

মুহাইমিনুল মনিরামপুর

মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ।

মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী বাড়ির মোড় সংলগ্ন আনোয়ার ফকিরের মাছের ঘের থেকে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফ স্থানীয় গরুর ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতের
কোনো এক সময় দুর্বৃত্তরা আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ ওই ঘেরের পানিতে ফেলে দেয়। সকালে স্থানীয়রা ঘেরের পানিতে আরিফের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান,
মরদেহের মাথায় ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন ছিল এবং ডান হাতের কব্জি কাটা অবস্থায় পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের নৃশংসতার ইঙ্গিত দেয়। এছাড়া ঘেরের পাড়ে রক্তের দাগের পাশে একটি দিয়াশলাই ও নগদ ৬০০ টাকা পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা অন্য কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।