
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ,যাত্রী চলাচল বন্ধ ১ দিন
যশোর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত টানা তিন দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যথারীতি বন্দর কার্যক্রম চালু করা হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের পারাপারও সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি২০২৬ সকাল ৬টা পর্যন্ত মোট এক দিন যাত্রী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্দর ও ইমিগ্রেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জাতীয় গুরুত্বপূর্ণ এই কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমদানি-রপ্তানিকারক, পরিবহন শ্রমিক ও যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।