October 19, 2026, 12:58 pm

আপত্তির মুখে দিরাইয়ে কিশোরীদের ফুটবল ম্যাচ স্থগিত

জাগ্রত সিলেট ডেস্ক

সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কিশোরীদের একটি ফুটবল ম্যাচ আপত্তির মুখে স্থগিত করা হয়েছে। সোমবার বিকেলে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয় একটি পক্ষের আপত্তির পর আয়োজকেরা খেলাটি স্থগিত করেন।

আয়োজক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দিরাই উপজেলা স্টেডিয়ামে সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের সঙ্গে স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচ খেলতে সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা নির্ধারিত সময়েই দিরাইয়ের ম্যাচ ভেন্যুতে পৌঁছান। তবে খেলা স্থগিত হওয়ায় তাঁদের সিলেটে ফিরে যেতে হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দিরাই স্টেডিয়ামে মেয়েদের ওই ফুটবল ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে খেলা বন্ধের দাবি জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যেহেতু সংশ্লিষ্ট দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলা আয়োজন করতে হবে। অন্যথায় খেলা স্থগিত করতে হবে।

খেলা বন্ধের দাবি জানানো ‘দিরাই ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি শরিফ উদ্দিন বলেন, ‘মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে—এটা আমরা মানতে পারি না। আমরা খেলাধুলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী। আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি।’

খেলার আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া বলেন, ‘স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবটি ২০১৯ সালে যাত্রা শুরু করে। ওই সময় আমাদের আমন্ত্রণে দেশের সাত জেলার মেয়েদের সাতটি ফুটবল দল দিরাইয়ে এসে খেলেছে। স্বপ্নচূড়ার মেয়েরাও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে খেলেছে। জাতীয় পর্যায়েও তারা বিভিন্ন খেলায় অংশ নিয়েছে। আজ দুপুরে পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছি। পুলিশের পক্ষ থেকে খেলা স্থগিত করতে বলা হয়। তাই বাধ্য হয়ে খেলা স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, ‘দিরাইয়ে খেলা আয়োজনের বিষয়ে চার-পাঁচদিন আগে একজন জানিয়েছিলেন। পরে অন্য একটি পক্ষ নারীদের এই খেলার বিরুদ্ধে অবস্থান নেয়। যেহেতু দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলা আয়োজন করতে বলা হয়েছিল। এখন আয়োজকেরা জানিয়েছেন, তাঁরা নিজেরাই খেলাটি স্থগিত করেছেন।’

জারা স্পোর্টিং ক্লাবের কোচ বশির উদ্দিন বলেন, ‘আমরা ম্যাচ খেলতে নির্ধারিত সময়েই দিরাইয়ে পৌঁছেছি। এখন জানতে পেরেছি, খেলা হবে না। মেয়েরা মন খারাপ করেছে। খেলা না হওয়ায় আমরা সিলেটের উদ্দেশে রওনা দিয়েছি।’



ফেসবুক পেইজ