October 19, 2026, 12:58 pm

সিলেটে শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ-এর সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সড়ক দুর্ঘটনা হ্রাস এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, সড়ক পারাপারের সঠিক নিয়ম, ট্রাফিক সাইন ও সিগন্যাল সম্পর্কে সচেতনতা, মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার, চার চাকার যানবাহনে সিটবেল্ট ব্যবহার, যানবাহনে চলাচলের সময় হাত ও মাথা জানালার বাইরে না রাখা এবং একজন সচেতন নাগরিক হিসেবে নিরাপদ সড়ক গঠনে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। ট্রাফিক আইন মেনে চলা এবং অন্যদেরও আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে উপস্থিত ছিলেন- বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মোঃ ডালিম উদ্দীন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ মানিক খান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলাম এবং বিআরটিএ সিলেট সার্কেল সিলেট-এর মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল প্রমুখ।



ফেসবুক পেইজ